Anindita Mitra

কবিতা

অনিন্দিতা মিত্র

তুলে রেখো উষ্ণতার মূর্ছনা

তোমার সঙ্গে আমার দেখা হবে রডোডেনড্রনের দেশে,
গুচ্ছ গুচ্ছ লাল রঙের ফুল ঝরে পড়বে তোমার আমার মনোভূমিতে।
টুকরো টুকরো শিলাখণ্ড পেরিয়ে তোমার আমার ভালোবাসার নদী

মিশে যাবে কোনো এক অজানা মোহানাতে।
তোমার ঠোঁটের উষ্ণতায় খুলে যাবে অপ্রেমের কারাগার,

অনন্ত প্রেমের মূর্ছনায় জ্বলে উঠবে শত শত আলোকবাতি।
নিঃসঙ্গতার নুড়িপাথর কুড়িয়ে বিদায়ী সুর বুকে নিয়ে

নীলকণ্ঠ পাখি উড়ে যাবে বরফের দেশে।
জানি অমিতের হাত আর ছুঁতে পারেনি লাবণ্যের আঙুল,
কথারা নিঃশব্দে চলে গেছে অন্ধকারের বাঁকে,
ক্ষতের ভেতর রয়ে গেছে আর এক গভীর ক্ষত,
হৃদয়ের রণক্ষেত্রে হেরে গেছে অনেকেই।

আসবে না জানি, যদি আসো, তবে এসো বসন্ত হয়ে।

Scroll to Top